পাওনা টাকার তাগদা দেওয়ায় নারায়ণগঞ্জে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা

ফাতেহ ডেস্ক

পাওনা টাকা ফেরত দিতে তাগদা দিয়েছিলেন তিনি। এটাই তাঁর অপরাধ। এ জন্য হত্যার উদ্দেশ্যে চাপাতি কেনা হয় মাদারীপুর থেকে। সোনারগাঁওয়ের মোগরাপাড়া থেকে কেনা হয় ঘুমের ওষুধ। কিন্তু সময় সুযোগের অভাবে সেগুলো ব্যাগের ভিতর নিয়েই দুই দিন ঘুরে বেড়িয়েছে ঘাতক। এরপর সুযোগ বুঝে রাত ২টায় ৩ কোপ দিয়ে হত্যা করে ইমাম দিদারুল ইসলামকে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে দেয়া জবানবন্দিতে এ কথা জানায় গ্রেফতারকৃত ঘাতক ওহিদুর জামান।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের নারায়ণদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি রেকর্ড করা হয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, আদালতে ওহিদুর জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত আদালতকে জানিয়েছে সে।

গ্রেফতারকৃত ঘাতক ওহিদুর জামান খুলনার নড়াইল কালিয়া কলাবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক টুকু শেখের ছেলে। বুধবার তাকে মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লুঙ্গি ও কোকের বোতল উদ্ধার করে পুলিশ। এছাড়াও ঘটনার পর দিন একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২২ আগষ্ট বৃহস্পতিবার পাওনা টাকা ফেরত চাওয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ইমাম দিদারুল। তার বাড়ি খুলনার তেরখাদা থানার রাজাপুর গ্রামে। তিনি রাজাপুর এলাকার আফতাব ফরাজির ছেলে। গত ২৬ জুলাই তিনি মসজিদটিতে ইমাম হিসেবে নিয়োগ পান।

আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে গ্রেফতারকৃত আসামি ওহিদুর জামান জানায়, পাশাপাশি দুই মসজিদে ইমামতি করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। কুমিল্লা থেকে যাওয়ার পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। তারা একে অপরের উপকার করতো। গত রমজান মাসে ওহিদুর জামান ইমামতি করার জন্য মাদারীপুরের শিবচরে চলে যায়। নিহত দিদারুল ইসলামও শিবচরে গিয়ে ইমামতি শুরু করে। রমজান মাসে বিভিন্ন সময়ে দিদারুলের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয় ওহিদুর জামান। টাকা না দিতে পারায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এরপর দিদারুল নারায়ণগঞ্জে চলে আসে। দিদারুল বিভিন্ন সময়ে ওহিদুর জামানের কাছে ফোন দিয়ে পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করে। টাকা ফেরত দেয়ার বিষয়ে সময় চায় ওয়াহিদুর জামান। পাওনা টাকা ফেরত দিতে না পারলে গ্রেফতারকৃত ওহিদুর জামানের ‘মা ও বোনকে তার বিছানায় শুইতে’ দিতে বলে দিদারুল। এতে ক্ষিপ্ত হয় ওহিদুর জামান। ওই সময় থেকেই তাকে হত্যার পরিকল্পনা করে ঘাতক। এরপর শিবচরের পাঁচ চর বাজার থেকে ৬শ টাকা দিয়ে একটি চাঁপাতি কেনে ওহিদুর জামান।

হত্যাকাণ্ডের আগের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে চাপাতি নিয়ে দিদারুলের কাছে আসে ওহিদুর। ওইদিন রাতেও পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। ওই রাতেই দিদারুলকে হত্যার চেষ্টা করা হয়। রাত শেষ হয়ে আসার কারণে ওইদিন তাকে হত্যা করতে ব্যর্থ হয় ওহিদুর। পরে ভোর ৪টার দিকে দিদারুলের কাছ থেকে ঢাকার মিরপুরে একটি হোটেলে চলে যায়। পরদিন বুধবার রাতে পুনরায় দিদারুলের কাছে চলে আসে সে।

তার মসজিদে যাওয়ার আগে মোগরাপাড়া চৌরাস্তা এটু জেড নামের একটি ফার্মেসী থেকে ১০টি ঘুমের ট্যাবলেট ও জিসান কর্ণার থেকে একটি কোমল পানীয় কোক কিনে। পরে এতে ১০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিদারুলের মসজিদে যায় ঘাতক ওহিদুর জামান। ওইদিনও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কৌশলে ঘুমের ট্যাবলেট মিশ্রিত ওই কোক দিদারুলকে খায়ানো হয়। আধাঘণ্টা পর কোক খেয়ে ঘুমিয়ে পড়ে দিদারুল। ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য হিজবুত তাহরীরের নামে একটি চিরকুট লিখে ওহিদুর।

এরপর দিদারুলের ব্যবহৃত মোবাইলের দুটি সিম খুলে ভেঙ্গে পাশের একটি ঝোপে ফেলে মোবাইলটি তার ব্যাগে নিয়ে নেয়। রাত দুইটার দিকে তার ব্যাগ থেকে চাপাতি বের করে দিদারুলের ঘাড়ে ৩টি কোপ দিয়ে মাথা বিচ্ছিন্ন করে ঘাতক ওহিদুর জামান। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, লুঙ্গি ও কোকের বোতল পার্শ্ববর্তী পুকুর জঙ্গলে ফেলে দিয়ে কাপড় পরিবর্তন করে রুমটি তালা দিয়ে ঢাকা হয়ে শিবচরে চলে যায় ঘাতক ওহিদুর।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ঘটনার ৬দিন পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওহিদুর জামানকে বুধবার গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে ঘাতক ওহিদুর জামান।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঘাতক ওহিদুর দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

আগের সংবাদজামাই-শাশুড়ির পরকীয়া, ছেলে দেখে ফেলায় বিষখাইয়ে হত্যাচেষ্টা
পরবর্তি সংবাদকাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই মিসাইল ‘গাজনাভি’ উৎক্ষেপণ করল পাকিস্তান