
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত নাগরিক তালিকা এনআরসি প্রকাশিত হচ্ছে কাল। শনিবার সকাল ১০টা থেকেই অনলাইনে এ তালিকা প্রকাশ করা হবে।
এ নিয়ে প্রথম তালিকা থেকে বাদ পড়া প্রায় ৪১ লাখ মানুষ ব্যাপক উৎকণ্ঠার মধ্যে রয়েছে। যাদের অধিকাংশই সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীর। এ নিয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির মানুষের মধ্যে নাগরিকত্ব হারানোর আতঙ্ক বিরাজ করছে।
এনআরসি তালিকা প্রকাশের আগে রাজ্যজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। নজর রাখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সংশোধিত তালিকা থেকে বেশিরভাগ মুসলিম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এনআরসি নিয়ে গুঞ্জনে বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তারা জানায়, এই এনআরসি তালিকা প্রকাশের পরও এতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এখনই বন্ধ হচ্ছে না। যারা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে তারা ট্রাইব্যুনালের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করার পুনরায় সুযোগ পাবে।
তালিকা প্রকাশের পর আপিল করার জন্য সময় ৬০ দিন থেকে ১২০ দিন করা হয়েছে। আপিল জানাতে কাজ করছে ১০০টি ফরেইনার্স ট্রাইব্যুনাল (এফটিএস), অতিরিক্ত আরও ২০০টি এফটিএস গঠন করা হচ্ছে বলে জানা গেছে। ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদনের পরেও যদি কেউ নাগরিকত্ব হারায় উচ্চ আদালতে গিয়ে পুনরায় আবেদন করার সুযোগ থাকছে।
