কাকরাইলে এরশাদের চেহলামে খাবার নিয়ে বিশৃঙ্খলা

ফাতেহ ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের চেহলামে খাবার বিতরণ নিয়ে বিশৃঙ্খলা দেখা গেছে। আজ শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়।

এ সময় মাইক থেকে বারবার বলা হয়, পর্যাপ্ত খাবার আছে। আপনারা বিশৃঙ্খলা করবেন না। খাবারের প্যাকেট নষ্ট হয়ে যাচ্ছে। এক পর্যায়ে খাবার বিতরণ বন্ধ রেখে সকলকে বসিয়ে রাখা হয়। পরে আবার খাবার বিতরণ করা হয়।

এর আগে আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করেননি।

তিনি বলেন, রাজনীতির চারভাগের একভাগ সময়ে দেশ পরিচালনা করে উন্নয়নের অসামান্য কীর্তি গড়েছেন এরশাদ। বিরোধীদলীয় নেতা বা বিরোধী দলের সারিতে থেকেও গণমানুষের কল্যাণে কাজ করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, এরশাদ ছিলেন এদেশের মানুষের মনের রাজা। তিনি দেশবাসীর অন্তর জয় করে অকৃত্রিম ভালোবাসা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরশাদ সবসময় দেশের মানুষের মনের ভাষা বুঝতেন। দেশের মানুষের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করছেন।

এরশাদের চেহলাম উপলক্ষে রাজধানীতে ৫১টি এবং রংপুরে ৩৫টিসহ সারাদেশের সব উপজেলা ও ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আগের সংবাদঅপকর্মের অভিযোগে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১টি এনজিও প্রত্যাহার
পরবর্তি সংবাদজয়পুরহাটে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১