
ফাতেহ ডেস্ক
স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমসারা এলাকায় সামছুদ্দিন আহম্মেদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। শুক্রবার রাতে কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কালাই উপজেলার কুসুমসারা গ্রামের মছির উদ্দিনের ছেলে সামছুদ্দিন আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
আহত অন্যারা হলেন- একই এলাকার তছির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫০), করিম হোসেনের ছেলে নাছির হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে রাসুলসহ ৯ জন।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘেরার জন্য বেড়া দিচ্ছিল। এ সময় আওয়ামী লীগ নেতা মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিকের সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন কমপক্ষে ১০ জন।
গুরুতর আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লজিকের সমর্থক একজনের মৃত্যু হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
