
ফাতেহ ডেস্ক
১১ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ঢাকা সফররত সৌদি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচ্যুত এ সকল রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা কক্সবাজারের যেসব স্থানে আশ্রয় নিয়েছে, তারা ওখানকার স্থানীয়দের তুলনায় বেশি।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সৌদি নৌপ্রধান বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার হবে। সৌদি জনগণের হৃদয়ে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে। বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করতে পারে। তিনি বাংলাদেশের সর্বাত্মক সাফল্য কামনা করেন।
বৈঠকে সৌদি নৌপ্রধান জানান, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি প্রশ্নে বাংলাদেশের নৌপ্রধানের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের নৌপ্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।
