
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পুনে ক্যান্টনমেন্ট এলাকায় বোরকা পরিহিতা এক নারী চিকিৎসককে মুসলিম হবার অপরাধে মারধর ও অপমান করা হয়েছে। মার্কিন এক নারী পর্যটকের বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ। বোরকা পরিহিতা ওই নারী মুসলিম কি না জানতে চাওয়ার পরে তিনি হ্যাঁ সূচক উত্তর দিলে মার্কিন পর্যটক তার ওপর হামলে পড়েন।
গত রোববার বিকেলে পুনে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মার্কিন ওই নারীকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়ে’র খবরে বলা হয়, পুনে ক্যান্টনমেন্ট এলাকায় রোববার বিকেলে কেনাকাটা করছিলেন ২৭ বছরের ওই চিকিৎসক ও তার সহকর্মী। সেই সময় মার্কিন নারী (৪৩) পর্যটক তার কাছে জানতে চান যে তিনি মুসলিম কি না। পরিচয় জেনেই তার ওপর হামলা করেন তিনি। চিৎকার করে তাকে অপমানজনক কথাও বলেন।
পুনে পুলিশ তাকে আটক করার পর পুলিশ কর্মীদের সঙ্গেও চিৎকার করেন ওই নারী। মার্কিন ওই নারীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আঘাত ও মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি মার্কিন দূতাবাসকেও জানানো হয়েছে।
