পশ্চিমবঙ্গে এনআরসি তালিকা করতে দেবে না তৃণমূল কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গ রাজ্যে আসামের মতো জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকা হতে দেবে না রাজ্য সরকারে থাকা তৃণমূল কংগ্রেস। এনআরসি ঠেকানোর জন্য ইতিমধ্যে বিধানসভায় প্রস্তাব তোলার পরিকল্পনা করছে দলটি। আগামী শুক্রবার এর জন্য আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন এক খবরে বলেছে, পশ্চিমবঙ্গে কখনোই এনআরসি তালিকা করা হবে না এই মর্মে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। প্রস্তাবে সরকারকে সমর্থন জানিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস। তবে প্রস্তাবের বিরোধিতা করেছে দেশের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এ কারণে বিজেপিকে বাদ দিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে।

ভারতের লোকসভা নির্বাচনের পূর্বে আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি তালিকা তৈরির জন্য বিজেপির দাবি ছিল। কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতারা আসামের পর রাজ্যে এনআরসি চালুর বিষয়ে বারবার ইচ্ছা পোষণ করেছিলেন। এমনকি দলটির শীর্ষ নেতাদের কয়েকজনও এ নিয়ে চাছাছোলা বক্তব্য দিয়েছেন।

আসামে এনআরসি তালিকা প্রকাশের দিন পশ্চিমবঙ্গের বর্ধমানে এক সভায় দিলীপ ঘোষ বলেন, সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করবে।

দিলীপ ঘোষ বলেন, ‘এনআরসির সবচেয়ে বেশি প্রয়োজন পশ্চিমবঙ্গে। আর্থিক, সামাজিক সব ক্ষেত্রে এ রাজ্যকে লুঠ করেছে বিদেশিরাই। সেই বিদেশিদের চিহ্নিত করব। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার কোনও অধিকার নেই। নাগরিকত্ব বিল পাস করে বিদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে।’

বিপরীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এনআরসি তালিকার বিরোধী। মমতা এক বক্তব্যে বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার কিছুতেই এনআরসি-র মতো অশালীন ও বিশৃঙ্খলা তৈরির জিনিস রাজ্য হতে দেবে না। আর কে ভারতীয় আর কে ভারতীয় নন, সেটা ঠিক করার অধিকারই বা বিজেপিকে কে দিল?’

অন্যদিকে দিল্লিসহ তেলঙ্গানায়ও এনআরসির দাবি তুলেছে বিজেপি নেতারা। দিল্লির বিজেপি সংসদ মনোজ তিওয়ারি দাবি করেন, দিল্লির অবস্থা খুব খারাপ। এই অবস্থা শোধরাতে এনআরসি-ই একমাত্র রাস্তা।

শনিবার ভারতের সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় ঠাঁই মিলেছে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। আবেদনকারীর মোট সংখ্যা ছিল তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন। অর্থাৎ তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

আগের সংবাদবিধিনিষেধে নামকাওয়াস্তে শিথিলতা এলেও কাশ্মীরের জনজীবন এখনও স্থবির
পরবর্তি সংবাদউত্তরায় মাকতাবাতুল আযহারের ১৭তম কিতাবমেলা ৫ ও ৬ অক্টোবর