বান্দরবানে ছেলের হাতে খুন হলেন বাবা

ফাতেহ ডেস্ক

ছেলের বৈঠার আঘাতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন এক বাবা। নিহত ওই বাবার নাম আবদুল মজিদ। গতকাল বুধবার দিবাগত রাতে বান্দরবান শহরের লাঙ্গি পাড়া এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মাজেদ ওই এলাকারই বাসিন্দা। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে জসিমকে (৩৫) গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আব্দুল মাজেদের ছেলে জসিম রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তাকে খুঁজতে বের হন বাবা আব্দুল মাজেদ। ছেলেকে খুঁজে পাওয়ার পর বকুনি দেয় বাবা। এতে ছেলে রেগে গিয়ে তার বাবাকে নৌকার বৈঠা দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় আব্দুল মাজেদ নদীতে পড়ে ডুবে যান। খবর পেয়ে রাতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে আব্দুল মাজেদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে অভিযুক্ত ছেলেকে মানসিক রোগী বলে দাবি করছে পরিবারের লোকজন ও এলাকাবাসী। ১০-১২ বছর আগে থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি অনেক সময় মানুষকে মারতেন। এজন্য তাকে মাঝেমধ্যে বেঁধেও রাখা হতো।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পরিবারের লোকজন তাকে মানসিক রোগী দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকিটা আদালত সিদ্ধান্ত দেবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আগের সংবাদচুয়াডাঙ্গার নিমতলা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশির
পরবর্তি সংবাদলালমনিরহাটে বাল্যবিয়ের ‘অভিযোগে’ কনের বাবাসহ তিনজন কারাগারে!