
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক বোমা বিস্ফোরনের ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। দেশটির দিয়ারবাকির শহরের কুল্প জেলায় রাস্তার পাশে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুঁতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেটির উপর দিয়ে যাত্রীবাহী একটি গাড়ি গেলে এই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল জাজিরা।
স্থানীয় গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে কুর্দিশ ওয়ার্কার’স পার্টি (পিকেকে) এই বোমাটি স্থাপন করেছিল। প্রসঙ্গত, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। কুর্দি সংখ্যাগরিষ্ঠ দক্ষিণপূর্বাঞ্চলে তুর্কি সরকারের সঙ্গে পিকেকের সংঘর্ষ শুরু হয় ১৯৮৪ সালে। তখন থেকে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারায় অন্তত ৪০ হাজার মানুষ।
