তালেবানের সঙ্গে আমেরিকার শান্তি আলোচনার ‘মৃত্যু’র পর এবার মস্কোতে রাশিয়া-তালেবান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

মস্কোতে তালেবানের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দীর্ঘ মেয়াদী আমেরিকা-তালেবান শান্তি আলোচনা ব্যর্থ হবার পর রাশিয়া এ বৈঠক করেছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আরআইএ নভোস্তির উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আফগানিস্তান বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ তালেবান প্রতিনিধিদলকে মস্কোতে আমন্ত্রণ জানান। তবে আলোচনা কোন তারিখে হয়েছে তা জানানো হয়নি। আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে পুনরায় আলোচনা শুরু করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি বলেন, তালেবানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য তাদের আগ্রহের বিষয় নিশ্চিত করা হয়েছে।

এক সপ্তাহ আগেও আশা করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তিতে পৌঁছাবে। এতে তালেবানদের পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা এবং মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রস্তাব ছিল। কিন্তু হঠাৎ করেই গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে তার আলোচনা বাতিল করেন এবং তালেবানের সঙ্গে আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে বলে ঘোষণা দেন।

আফগানিস্তানে এখনো আমেরিকার ১৩ হাজারেরও বেশি সৈন্য রয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পরে আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ১৮ বছর ধরে স্থায়ী এই যুদ্ধের অবসান চায়।

এ প্রেক্ষাপটে দেশটিতে ২৮ সেপ্টেম্বরের প্রেসিডেন্টসিয়াল নির্বাচনকে সামনে রেখে দেশটিতে সহিংসতা আরো বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে। ২০০১ সালে তালেবানদের পতনের পরে এটি হবে চতুর্থ নির্বাচন।

আরও পড়ুন : তালেবানরা সন্ত্রাসী নয় : আফগানিস্তানে কেন সশস্ত্রতা সফল হয়েছে?

আগের সংবাদকুকুরের মৃত্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর শোক, ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা
পরবর্তি সংবাদরাজধানীর মোহাম্মদপুরে নির্মিত হয়েছে আল্লাহ তায়ালার ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন স্তম্ভ