নাটোরে সুদের টাকা দিতে না পারায় এক বৃদ্ধকে নির্যাতনের পর হত্যা করেছে সুদখোর

ফাতেহ ডেস্ক

সুদের টাকা দিতে না পারায় সুদখোর তিনদিন ধরে আটক রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে এক বৃদ্ধের ওপর। নির্যাতন সইতে না পেরে আটকের তৃতীয় দিন মারা যান ওই বৃদ্ধ। বৃদ্ধের নাম ছহির উদ্দিন সরকার (৬৫)। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুরে।

জানা যায়, গত বৃহস্পতিবার থেকে উপজেলার জ্ঞানদানগর গ্রামের রুহুল আমিনের বাড়িতে আটক করে রাখার তিনদিন পর শনিবার রাত ৮টার দিকে ছহির উদ্দিন মারা যান। ছহির উদ্দিন উপজেলার চাঁচকৈড় তাড়াশিয়াপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।

এ ঘটনায় ছহিরের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ রোববার সকালে অভিযুক্ত বামনকোলা গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. তারেক (৩০) ও তার শ্বশুর জ্ঞানদানগর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে রুহুল আমিনকে (৬৫) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেক মৃত ছহির উদ্দিনের কাছে সুদ-আসলে ৭৯ হাজার টাকা পেতেন। টাকা দিতে না পারায় ছহিরকে উপজেলার জ্ঞানদানগর গ্রামের তারেকের শ্বশুর বাড়িতে আটকে রেখে নির্যাতন চালানো হয়। আটকের তিনদিন পর শনিবার রাত ৮টার দিকে ছহির উদ্দিন মারা যান।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আগের সংবাদ‘আসামের এনআরসি আদতে বিজেপির মুসলিম গণহত্যার প্রস্তুতি’
পরবর্তি সংবাদবান্দরবানের একটি গ্রামের ৬ বাসিন্দাকে পাহাড়ি সন্ত্রাসীদের অপহরণ