রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিদেশীয় বৈঠক

ফাতেহ ডেস্ক

জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের সময় রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিদেশীয় বৈঠক হবে। বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ফিরিয়ে নেয়া ও মিয়ানমারের সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।

ফারুক খান বলেন, মন্ত্রণালয় আমাদের জানিয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ত্রিদেশীয় এই বৈঠক হবে। কমিটি বলেছে যেভাবে ডিপ্লোম্যাসি চালানো হচ্ছে তাতে হবে না। শরণার্থী সমস্যা বহুদেশে রয়েছে। ফিলিস্তিন ইস্যুতেও অনেক তৎপরতা চালানো হয়েছে কিন্তু সমাধান হয়নি। এর জন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি ও মিয়ানমারের সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা করা হয়। থাইল্যান্ডের প্রত্যাবাসন কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।

আগের সংবাদ‘ইরানের কার্যক্রম গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে’
পরবর্তি সংবাদখ্রিস্টান না বানানোর প্রতিশ্রুতি দিয়েই কাজ করতে হবে ভারতীয় এনজিওদের