
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে গোয়েন্দা সেবা সংস্থার একটি ভবনে বৃহস্পতিবার শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮৫ জন। জাবুল প্রদেশের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি।
রাহমাতুল্লাহ ইয়ারমাল বলেন, ‘আজ সকালে জাবুলের কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত জাবুলের আঞ্চলিক হাসপাতালও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ বোমা হামলার পর তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায়িত্ব স্বীকার করেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা অধিদফতর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী তালেবানের একের পর এক বোমা হামলার ক্ষেত্রে একেবারে সর্বশেষ হচ্ছে জাবুলের এই বিস্ফোরণ।
এদিকে সোমবার প্রকাশিত বিবিসি’র তদন্ত প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে আফগানিস্তানে প্রতিদিন গড়ে ৭৪ জন নিহত হয়েছেন। মাসটিতে ৬১১টি ঘটনায় দুই হাজার ৩০৭ জনের প্রাণহানি হয়।
