রাজবাড়ির একটি প্রাইমারি স্কুলে ১২ বছর ধরে বন্ধ ইসলাম শিক্ষার ক্লাস

ফাতেহ ডেস্ক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বছর ধরে নেওয়া হচ্ছে না ইসলাম শিক্ষা’র ক্লাস। স্কুলটিতে প্রায় তিনশো শিক্ষার্থীর অধিকাংশই মুসলিম ঘরের ছেলে-মেয়ে। কিন্তু শিক্ষাদানরত মোট আটজন শিক্ষকের সকলেই হিন্দু। ফলে ১২ বছর ধরে অবহেলার শিকার ইসলাম শিক্ষার ক্লাস।

স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ১২ বছর ধরে কোনো মুসলমান শিক্ষকের পদায়ন না থাকার কারণে বারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা ক্লাস নেয়া হয় না। এ স্কুলে বর্তমানে আটজন শিক্ষক কর্মরত থাকলেও সবাই হিন্দু ধর্মের অনুসারী। ফলে ইসলাম শিক্ষার ক্লাস হয় না। আমরা দ্রুত বিষয়টি ব্যাপারে পদক্ষেপ নেওয়াসহ ইসলাম শিক্ষা নেয়ার জন্য একজন শিক্ষক পদায়নের দাবি জানাচ্ছি।

বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল করিম বলেন, আজ ১২ বছর ধরে বারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো মুসলমান শিক্ষক না থাকার কারণে ইসলাম শিক্ষা ক্লাস নিতে তাদের সমস্যা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানকে অবগত করা হলে তিনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, স্কুলটিতে ১২ বছর ধরে ইসলাম শিক্ষা ক্লাস না হওয়ার বিষয়টি আজই চেয়ারম্যান ও স্থানীয় লোকজন আমাকে অবগত করেছেন। জানার পরই বিষয়টি লিখিত ভাবে জেলা শিক্ষা অফিসারকে অবগত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রুতই বিষয়টি সুরাহা হবে।

সূত্র : নয়া দিগন্ত

আগের সংবাদঝিনাইদহে সড়ক-দুর্ঘটনায় নিহত মাদরাসাছাত্র
পরবর্তি সংবাদডা. আকাশের আত্মহত্যায় প্ররোচনা-মামলায় স্ত্রী মিতুর জামিন বহাল