আমরা কি বিশ্ব মন্দার মুখোমুখি?

ফাতেহ ডেক্স: অবাধ মুক্ত বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞার কারণে বিশ্ব অর্থনীতি আরেকটি অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে বলে মনে করছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলছে, তাদের সঙ্গে দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক কর ও শুল্ক আরোপের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে আন্তর্জাতিক মুক্ত পণ্য বাণিজ্য বড় ধরনের হুমকিতে পড়বে। পণ্য বাণিজ্য কমে গেলে তা ২০০৭ সালের মতো বিশ্ব অর্থনীতিতে আরেকটি মন্দা সৃষ্টি করবে।

বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের এই অভিযোগ যদি সত্যিই হয়ে থাকে তবে ২০০৭ এর মতো একটি বড় আন্তর্জাতিক মন্দার কবলে পড়তে পারে বিশ্ব। কেননা বিশ্ব অর্থনীতির বড় একটি অংশ দখল করে আছে চীন। আর তাদের অর্থনীতিতে মন্দা পড়া মানে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়া।

 

চীনের অভিযোগ পাঁচ হাজার কোটি ডলার রপ্তানি পণ্যের ওপর সম্প্রতি ২৫ শতাংশ কর আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে চীনা ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এ ছাড়া ইউরোপ, কানাডা ও মেক্সিকো থেকে অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানির ওপরও বাড়তি কর আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ ও ইস্পাত আমদানিতে ১০ শতাংশ কর বসানো হয়েছে, যা চলতি জুন থেকে কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্ত পণ্য বাণিজ্য লেনদেনের ব্যবস্থা থেকে সরে এসে যুক্তরাষ্ট্রভিত্তিক উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে চাইছেন। এ নীতির অংশ হিসেবেই চীন ও ইইউ থেকে পণ্য আমদানিতে বাড়তি কর ও শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা ব্যবস্থা হিসেবে গত শুক্রবার ইউরোপ যুক্তরাষ্ট্রের ৩৩০ কোটি ডলারের রপ্তানি পণ্যের ওপর শুল্ক বসিয়েছে। এতে ইউরোপিয়ান কারের ওপর নতুন শুল্ক বসানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে আসন্ন মন্দা এড়াতে করণীয় নিয়ে ইতোমধ্যে রাজধানী বেইজিংয়ে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছে চীন ও ইইউ। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ হি গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন ও ইইউ বহুপক্ষীয় মুক্ত বাণিজ্য ব্যবস্থা চালু রাখতে একসঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, পণ্য বাণিজ্যে একপেশে নীতি লক্ষ করা যাচ্ছে। এতে বৃহৎ অর্থনীতির দেশগুলোর দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। চীন ও ইইউ এ ধরনের একচোখা নীতির বিরোধিতা করে এবং মনে করে, এমন উদ্যোগ বিশ্ব অর্থনীতিতে নতুন করে মন্দা ও অনিশ্চিত পরিস্থিতি তৈরি করবে। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জিরকি কাতাইনেন এ সময় উপস্থিত ছিলেন।

সার্বিক বিবেচনায় এ মন্দা বাংলাদেশে কী ধরণের প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন, প্রথমত মন্দা এড়িয়ে যাবার মতো সক্ষমতা চীনের আছে। তাছাড়া মন্দা এলেও তার স্থায়িত্ব কতটুকু তার উপর নির্ভর করবে এর প্রসারণসীমা। তবে এ মন্দা সারা বিশ্বে ছড়িয়ে পড়লে  বাংলাদেশের সাথে বাণিজ্যিক লেনদেন ও অবকাঠামোর উন্নয়ন বাঁধাগ্রস্থ হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। সমুদ্র অর্থনীতি, বিসিআইএস-ইসি, সড়ক ও সেতু, রেলপথ, বিদ্যুত্, সমুদ্র, আইসিটি, শিল্পোৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির যে  দিগন্ত স্পর্শ করে আছে চীনের সাথে তার বিঘ্ন ঘটতে পারে বলেই মনে হচ্ছে।

 

 

আগের সংবাদমুসলিম দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল
পরবর্তি সংবাদচালু হচ্ছে নারীদের রাইড শেয়ারিং- কতোটুকু নিরাপদ!