
ফাতেহ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট চারটি প্রস্তাব প্রদান করবেন।
মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসি এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘রোহিঙ্গা ক্রাইসিস: এ ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দিয়ে বলেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে হবে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা নিধনের বর্ণনা দিতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা এবং পরে কম্বোডিয়ায় গণহত্যার সঙ্গে এর তুলনা করেন।
তিনি বলেন, মিয়ানমার যখন এ সমস্যার সমাধানে আগ্রহ দেখাচ্ছে না, তখন সমাধানের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তাচ্ছে।
উচ্চপর্যায়ের এ বৈঠকে ওআইসির মহাসচিবসহ ইসলামী বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন। এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে।
