রাজশাহীর মেয়র বিএনপি নেতা বুলবুলের পদত্যাগ!

ফাতেহ ডেক্স: পদত্যাগ করেছেন রাজশাহীর মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেয়ার পরই সন্ধ্যায় অটোরিকশায় চেপে নগর ভবন ত্যাগ করেন তিনি। তবে এর আগে এক সংবাদ বুলবুল বলেন, তার আগের মেয়রের সময় রাজনৈতিক বিবেচনায় নানা প্রকল্প গ্রহণ করায় চরম অর্থসংকটে পড়তে হয়েছে সিটি কর্পোরেশনকে। তাই উন্নয়ন হোঁচট খেয়েছে।
পদত্যগের আগে নগর ভবনেই এক সংবাদ সম্মেলনে তার সময়ের নেয়া নানা উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি তুলে ধরেন বুলবুল। বলেন, তার আগের মেয়র রাজনৈতিক বিবেচনায় সরকার দলীয় এমপি ও ঠিকাদারদের সঙ্গে ব্যবসায় নেমে কর্পোরেশনের অন্তত সাড়ে তিনশ’ কোটি টাকা তছনছ করেছেন।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকার দলীয় মেয়র থাকা সত্ত্বেও ৪২ কোটি টাকা ঋণের বোঝা সিটি কর্পোরেশনের ওপর চাপানো হয়েছে জানিয়ে বুলবুল বলেন, ঋণ পরিশোধ করতে গিয়ে উন্নয়ন থমকে গেছে।
বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণেই উন্নয়ন কাজ করতে দেয়া হয়নি–অভিযোগ করে বিএনপি নেতা বুলবুল আরো বলেন, তাকে মিথ্যে মামলায় জেলে রেখে নগরবাসীর সঙ্গে তামাশা করেছে সরকার।
২০১৩ সালের ১৫ জুন নির্বাচনে মেয়র হন মোসাদ্দেক হোসেন বুলবুল। তবে দায়িত্ব গ্রহণ করেন ১৮ সেপ্টেম্বর। এরপর সরকারবিরোধী আন্দোলনে নেমে অন্তত ১৭টি মামলার আসামী হন তিনি। মামলার চার্জশীটে নাম থাকায় দু’দফা তাকে সাময়িক বরাখাস্তও করা হয়। মামলার কারণে মেয়াদকালের ৪৫ মাসের মধ্যে ২৬ মাসই নগর ভবনছাড়া ছিলেন বুলবুল।

বুলবুলের এই পদত্যগের পেছনে ভিন্ন কোন কারণ আছে কিনা তা নিয়ে ভাবছেন অনেকই। ধারণা করা হচ্ছে মেয়র পদে আবারো লড়তে চান রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তাই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ অনুযায়ী পদত্যাগ পত্র জমা দিয়ে থাকতে পারেন।

আগের সংবাদকেমন আছে আর্জেন্টিনার মুসলমানরা?
পরবর্তি সংবাদবৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল