
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা ইসলামফোবিয়াসহ বিভিন্ন অপপ্রচারের মুকাবেলায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রাথমিকভাবে তিন দেশের যৌথ উদ্যোগে গড়ে তোলা হবে একটি ইংরেজী ভাষার টিভি চ্যানেল। ইসলামফোবিয়ার প্রতিরোধের পাশাপাশি যেটি মুসলিদের ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে বিশ্বকে জানাতে ভুমিকা রাখবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে একথা জানিয়েছেন।
ইমরান খান লিখেছেন, প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির ও আমি আজ বৈঠক করেছি। যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের তিন দেশ যৌথভাবে ইংরেজী ভাষার একটি টিভি চ্যানেল চালু করব। যেটি ইসলামভীতির মাধ্যমে সৃষ্ট হুমকি মোকাবিলাসহ আমাদের পবিত্র ধর্ম ইসলামের বিভিন্ন বিষয়ে ভুমিকা রাখবে।
জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীতে সমবেত হয়েছেন বিশ্ব নেতারা। সেখানে অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন এই তিন নেতা। এসময় তারা মুসলিম বিশ্বের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
