কাশ্মীরে মোদি সরকার গণহত্যা চালাচ্ছে : মাওলানা শাহীনুর পাশা

ফাতেহ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা সভাপতি সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, নরেন্দ্র মোদি উগ্রবাদী ও কট্টর ইসলাম বিদ্বেষী। তিনি কাশ্মীরসহ ভারতে মুসলমানদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছেন। গরু হত্যার মিথ্যা অভিযোগ তোলে বিভিন্ন সময়ে মুসলমানদের উপর যেই অত্যাচার, নির্যাতন চালিয়ে যাচ্ছেন তা ইতিহাসের জঘন্যতম বর্বরতা।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাশ্মীরে ভারতীয় আগ্রাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল-পরবর্তী পথসভায় সভাপতির বক্তব্যে মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের বিশেষ স্বতন্ত্র ও মর্যাদা কেড়ে নিয়েছে মোদি সরকার। ইন্টারনেট, টেলিফোন সংযোগ বন্ধ এবং সাংবাদিকদেরকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে বিশ্ব থেকে আলাদা করে ইতিহাসের নিকৃষ্টতম ন্যক্কারজনক তান্ডব চালানো হচ্ছে সেখানে। যখন তখন যাকে তাকে হত্যা, গ্রেফতার ও নির্যাতন করে কাশ্মীরকে জ্বলন্ত একটি আগ্নেয়গিরিতে রূপান্তরিত করা হয়েছে। মাওলানা পাশা মোদিকে বিশ্বসন্ত্রাসী আখ্যায়িত করে বলেন অবিলম্বে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে একত্রিত হয়। এক পর্যায়ে পুরো বাসস্ট্যান্ড লোকে লোকারণ্য হয়ে উঠলে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আকবর আলী, মাওলানা শায়খ আনোয়ার হোসাইন, মাওলানা শায়খ সাজিদুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, জেলা জমিয়ত, যুবজমিয়ত ও ছাত্র জমিয়তের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। বাস, মিনিবাস, লেগুনা ও নৌকা রিজার্ভ করে মিছিলকারীরা পুরাতন বাসস্ট্যান্ডে একত্রিত হন। এসময় পুরো সুনামগঞ্জ শহর মিছিলের নগরীতে পরিণত হয়।

আগের সংবাদইসলামফোবিয়া প্রতিরোধে এরদোগান-মাহাথির-ইমরান খানের নতুন সংবাদমাধ্যম প্রতিষ্ঠার উদ্যোগ
পরবর্তি সংবাদপ্রকাশ্যে মলত্যাগের কারণে ভারতে দুই শিশুকে পিটিয়ে হত্যা