
ফাতেহ ডেস্ক
ইউনাইটেড নেসন্স মাল্টিডিমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেসন মিশন ইন মালি ব্যানএফপিইউ-১, ২ এবং বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১, ২ এ যোগ দিতে মঙ্গলবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের ১৭০ সদস্যের দুটি দল। তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে কাজ করবেন।
১৪০ সদস্যের ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। এছাড়া, মালিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপর কন্টিনজেন্ট (ব্যানএফপিইউ)-২ এর ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মু. মাসুদ রানা।
পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদেরকে বিমানবন্দরে বিদায় জানান।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল হতে ব্যানএফপিইউ-২, MINUSMA, Mali ইউনিটটি মালির উল্টোভাগে সাহারা মরুভূমির বুকে তিম্বুতক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে। অত্যন্ত দুর্গম ভৌগলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়।
