কয়েক হাজার সৌদি সেনা আটকের দাবি হুথি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেন এবং সৌদি সীমান্তে এক অভিযান চালিয়ে কয়েক হাজার সৌদি সেনাকে আটক করেছে বলে দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। খবর বিবিসি।

হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বিবিসিকে বলেন, সৌদির নাজরান শহরের কাছ থেকে তিন সৌদি সেনাকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে কয়েক হাজার সেনাকে আটক করা হয়েছে। এছাড়া আরও অনেকেই নিহত হয়েছেন।

ওই মুখপাত্র আরও বলেন, ইয়েমেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বড় ধরনের অভিযান। এতে সৌদি সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা সদস্যকে হারিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে হুথি বিদ্রোহীদের এমন দাবির পর সৌদির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

রোববার হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে আটক হওয়া ওই সেনাদের প্যারেড সম্প্রচার করা হবে। এর আগে গত মাসে সৌদির দু’টি তেলে ক্ষেত্রে হামলা চালায় হুথিরা। গত ১৪ সেপ্টেম্বরের ওই হামলা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলেছে। হুথিদের তরফ থেকে দাবি করা হয়েছে যে, তারা ওই দুই তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে এই হামলার জন্য ইরানকেই দায়ী করে আসছে সৌদি এবং এর মিত্র দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।

আগের সংবাদছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আহবায়ক কমিটি গঠন
পরবর্তি সংবাদবুধবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন