
ফাতেহ ডেস্ক :
সৌদি আরবের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালিয়েছে তার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ৭২ ঘণ্টার ওই অভিযানে সৌদি আরবের ৫০০ সেনাকে হত্যা ও কয়েক হাজার সেনা সদস্য আটকের দাবি করেছে তারা।
রবিবার বিকালে ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
সৌদি সেনা হত্যা ও গ্রেফতারের দাবির পক্ষে প্রমাণ হিসেবে ছবি প্রকাশের পর এবার ভিডিও প্রকাশ করেছে বিদ্রোহীরা। তবে ছবিতে সেনারা উর্দি পরিহিত না, আবার তাদের দাবিকে সত্য বলে প্রমাণ করতে যথেষ্ট প্রমাণ যেমন নেই, তেমনি সৌদি আরবের কাছ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।
ইরানের প্রেস টিভি দাবি করেছে, হুতি বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে সৌদি আরবের কোন এলাকায় তারা অভিযান চালিয়েছে তার যেমন বর্ণনা রয়েছে তেমনি হুতি যোদ্ধারা সৌদি অবস্থানে যে সমস্ত গোলাবর্ষণ করছে তার দৃশ্যও রয়েছে। এই হামলার ঘটনা যদি সত্য হয়, তবে তা সৌদি আরবের ভূখণ্ডে উল্লেখযোগ্য শক্তিপ্রয়োগের ঘটনা হবে বিদ্রোহীদের।
