সৌদি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের রাজকীয় স্থলবাহিনীর (আরএসএলএফ) সেনাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য সব ধরনের সহায়তা প্রদান করতে যাচ্ছে এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) আরএসএলএফ কমান্ডারের সাথে এক বিশেষ বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া সহায়তা প্রদানের এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে রাওয়ালপিন্ডিতে বাহিনীর প্রধান কার্যালয়ে আয়োজিত আরএসএলএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ মোহাম্মদ আল মতিয়ারের সাথে কামার বাজওয়া বৈঠকটি করেন।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক ও পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হয়। যেখানে দেশ দুটির পেশাদারিত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন আরএসএলএফ প্রধান। এ সময় অতীতেও সৌদি স্থলবাহিনীকে সক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকবার প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান পাকিস্তানের সেনাপ্রধান।

উল্লেখ্য, গত মাসে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তালাল আবদুল্লাহ আল ওতাইবির সাথে এক বৈঠকেও সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন জেনারেল কামার বাজওয়া।

আগের সংবাদফারাক্কায় যে ফর্মুলায় পানি ভাগাভাগি করে ভারত-বাংলাদেশ
পরবর্তি সংবাদমুসলিম নারীর বাগানে গির্জা নির্মাণ, ভেঙে ফেলার নির্দেশ ইউরোপীয় আদালতের