
ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফোনালাপে প্রধানমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন তিনি। আজ বুধবার বিকালের দিকে ইমরান খান স্বপ্রনোদিত হয়ে এই ফোনালাপ করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তবে কুশল বিনিময়ের বাইরে অন্য কোনো বিষয়ে আলাপ হয়েছে কি না জানা যায়নি। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগ মুহূর্তে ইমরান খানের এই ফোনালাপ ঠিক কী কারণে, তা এখনও স্পষ্ট হয়নি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের চিকিৎসা ও বর্তমান অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।’
বৃহস্পতিবার ৪ দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
