জইশ-ই মোহাম্মদের হামলার ভয়ে ভারতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মোহাম্মদের চার সদস্য দিল্লি প্রবেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আতঙ্কে ভুগছে ভারত। দেশটির উত্তর প্রদেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের (গোলাপি সতর্কতা) সতর্কবার্তা জারি করা হয়েছে শ্রীনগর, জম্মু, অবন্তিপুর এবং হিন্ডন বিমানবাহিনী ঘাঁটিতেও। এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার।

এর আগে দিল্লিতে জইশ-ই মুহাম্মদের কথিত চার সদস্য ঢোকার খবর কেন্দ্রকে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এরপরই রাজধানীজুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক করা হয়েছে উত্তর-পূর্বের সমস্ত বিমানবন্দরকেও।

কেন্দ্রীয় গোয়েন্দার একটি সূত্র জানায়, তাদের কাছে তথ্য এসেছে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মোহাম্মদের ১০-১২ জনের একটি দল জম্মু-কাশ্মীরের কোনো বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা চালাতে পারে। এর পরই রাজধানীতে জারি করা হয়েছে সতর্কতা।

এ দিকে বৃহস্পতিবার গোয়েন্দারা কেন্দ্রকে জানায়, রাজধানী দিল্লিতে ঢুকে পড়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মোহাম্মদের চার সক্রিয় সদস্য। এ খবর পাওয়ার পরই চূড়ান্ত সতর্কবার্তা জারি করে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন পুলিশ। তবে জম্মু-কাশ্মীরে যে ধরনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা, তার সঙ্গে দিল্লিতে অস্ত্রধারী ঢুকে পড়ার খবরের মধ্যে যোগসূত্র আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

দিল্লি ছাড়াও, উরি-পাঠানকোটের মতো ঘটনার পুনরাবৃত্তি আটকাতে অমৃতসর ও পাঠানকোট বিমানবাহিনীর ঘাঁটিকেও সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

আগের সংবাদস্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তব্য : মাদরাসা নয়, জঙ্গিবাদের উত্থান সোশ্যাল মিডিয়ায়
পরবর্তি সংবাদপ্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরিকাঘাতে নিহত ৪