
আন্তর্জাতিক ডেস্ক :
দখলদার ইসরাইলকে বর্জনের নীতিতে পরিবর্তন এনে অধিকৃত পশ্চিমতীরের রামাল্লা শহরে ফিলিস্তিনিদের সঙ্গে একটি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে সৌদি আরবের জাতীয় ফুটবল দল।
আগামী ১৫ অক্টোবর এই খেলা অনুষ্ঠিত হবে বলে সৌদি ক্রীড়া কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে। এতে উপসাগরীয় দেশটির ফিলিস্তিন নীতিতে একটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে। এরআগে তৃতীয় কোনো দেশে ফিলিস্তিনিদের সঙ্গে খেলতেন সৌদি খেলোয়াড়রা।
আরবের ফুটবল ক্লাব ও জাতীয় দলগুলো ঐতিহাসিকভাবে পশ্চিমতীরে খেলতে অস্বীকার করে আসছে। কারণ যেখানে ফিলিস্তিনি জাতীয় দল ফুটবল খেলে সেখানে যেতে হলে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদন করতে হয়। ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে ইহুদি রাষ্ট্রটিকে কয়েক দশক ধরে বর্জনের রীতিন লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে অনুমোদন চেয়ে এই আবেদনকে।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ক্লাব কিংবা জাতীয় দল বলা হোক না কেন, ইরাক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ফিলিস্তিনি সফর করেছে। মিসর ও লেবানন এখনো বর্জন প্রথা অব্যাহত রেখে চলছে।
১৯৬৭ সালে পশ্চিমতীর দখল করে নেয়া বর্ণবাদী ও দখলদার রাষ্ট্র ইসরাইল। এরপর থেকে ফিলিস্তিনি শহরগুলোতে কেউ সফরে যেতে চাইলে ইসরাইলি অনুমোদন নিতে হচ্ছে।
সৌদি আরব এখন পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেয়নি। এছাড়া ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার কথাই বলে আসছে। কিন্তু চিরবৈরী ইরানকে ঠেকাতে ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সৌদি গোপন যোগসাজশ তৈরি হয়েছে বলে বলা হচ্ছে।
