চলতি বছর থেকে ওমরা পালনে গুনতে হবে অতিরিক্ত ১১ হাজার ১৫১ টাকা

ফাতেহ ডেস্ক :

চলতি বছর থেকে সৌদি আরবে ওমরা পালনে যাওয়া ব্যক্তিদের ১১ হাজার ১৫১ টাকা বেশি গুনতে হবে। সৌদি সরকার ওমরা ভিসা ফি নতুন করে ৩০০ সৌদি রিয়াল (৬ হাজার ৭৬৫ টাকা) আরোপ, সৌদি ওমরা কোম্পানির সার্ভিস চার্জ ১০৫ রিয়াল (২ হাজার ২৬৭ টাকা) ও ভিসা সার্ভিস বাবদ ৯৪ রিয়াল (২ হাজার ১১৯ টাকা) সুনির্দিষ্ট করে দেওয়ার কারণে এই খরচ বৃদ্ধি পাবে। একই সঙ্গে হোটেল বুকিং ও যাতায়াতের টাকা আন্তর্জাতিক ব্যাংক হিসাবের (আইবিএএন) মাধ্যমে ভিসার আবেদনের সময়ই পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে।

তবে সার্ভিস প্রোভাইডিং সংস্থা মুনাচ্ছাকে ভিসা আবেদনের সময়ের মোট খরচের ২০ শতাংশ প্রদানের একটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। এই চার্জ আরোপ করা হলে খরচ আরও কয়েক হাজার টাকা বাড়বে। এ ক্ষেত্রে উপরে উল্লেখিত অঙ্কের অর্থ ছাড়াও হোটেল ও গাড়ি ভাড়ার টাকারও ২০ শতাংশ যুক্ত হতে পারে। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সৌদি সরকার হজ ও ওমরা ভিসার জন্য নতুন করে ৩০০ রিয়াল ধার্য করলেও তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ওমরা ক্ষেত্রে অতিরিক্ত ২ হাজার রিয়াল প্রদানের যে বাধ্যবাধকতা ছিল তা রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে তুলে নিয়েছেন।

ফলে এখন কোনো ব্যক্তি নির্ধারিত ফি প্রদান করে যেকোনো সময়ই একাধিকবার উমরা পালন করতে পারবেন। এর ফলে বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে ওমরা যাত্রী অনেক বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

আগের সংবাদবরিশালে আলিয়া মাদরাসার শিক্ষককে মারধর, মানববন্ধনে শিক্ষার্থীরা
পরবর্তি সংবাদসিরিয়া থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র