
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতজুড়ে নাগরিকপঞ্জী বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেবল মুসলিমদের টার্গেট করছেন বলে অভিযোগ করেছেন জমিয়াত উলামা-ই-হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানি।
এক বিবৃতিতে অমিত শাহ’র বক্তব্যকে অযৌক্তিক এবং বিদ্বেষপূর্ণ উল্লেখ করে মাদানি বলেন, এনআরসি বাস্তবায়ন নিয়ে তাদের দলের কোন সমস্যা নেই। তবে মুসলিমদের টার্গেট করে তা বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তাতে ভারতের বিভিন্ন প্রান্তে অরাজকতা তৈরি হবে। হানাহানির পাশাপাশি সাধারণ ভারতীয়দের মধ্যে মুসলিম বিদ্বেষ বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়াদের জন্য গোয়ালপাড়ায় ভারতের সবচেয়ে বড় বন্দিশালা নির্মাণের কাজ প্রায় শেষের পথে। আসামের সরকারি কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম জানিয়েছে, রাজ্যে এ রকম আরো দশটি বন্দিশালা নির্মাণে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।
