
আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের ‘মুসা কালা জেলায়’ আফগান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান আসেম ওমর। গত ২৩ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। অবশ্য কোন নিরপেক্ষ সূত্রে এই তথ্য যাচাই করা যায়নি। সংবাদ আল জাজিরার।
গতকাল মঙ্গলবার এক আফগান গোয়েন্দা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘ আসেম ওমর একজন পাকিস্তানি নাগরিক। আল কায়েদার নেতা উসামা বিন লাদেন নিহত হবার পর আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার নেতৃত্ব গ্রহণ করেছিলেন তিনি।’
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা অধিদফতর (এনডিএস) বলেছে, আসেম ওমর একজন পাকিস্তানি নাগরিক। তবে কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে, তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন।’
এনডিএসের টুইটে বলা হয়, ভারত উপমহাদেশের আরও ছয়জন আল কায়েদা সদস্যের সাথে আসেম ওমরকে হত্যা করা হয়। তাদের অধিকাংশই পাকিস্তানি। এই ছয়জনের মধ্যে একজনের নাম রায়হান। তার দায়িত্ব ছিলো আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির সাথে যোগাযোগ রক্ষা করা।
তালেবানের একটি সূত্র ২০১৪ সালে বলেছিল, আল কায়েদায় যোগদানের আগে আসেম ওমর পাঞ্জাব তালেবান শাখার সাথে কাজ করেছিল। পরে এক ভিডিও কনফারেন্সে আয়মান আল জাওয়াহিরি তাকে আল কায়েদা ভারত শাখার নেতা হিসেবে নিয়োগ প্রদান করে।
উল্লেখ্য, মার্কিন বাহিনী এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর রাতে চালানো এই সামরিক অভিযানে মার্কিন সেনাবাহিনী বিমান হামলায় সহায়তা করেছিলো। এই হামলায় শিশুসহ ৪০জন বেসামরিক লোক নিহত হয়েছে।
রাকিব
