
ফাতেহ ডেস্ক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাজনীতিক, সমাজসেবক, বাতিল বিরোধী সাহসী কন্ঠ, হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন সাহেব রহ.’র ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার ও প্রিয় মানুষরা যা হারিয়েছে তার তুলনা চলে না । তাঁদের প্রতি এবং মরহুমের আত্মীয়স্বজন, তাঁর সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
রাজনৈতিক অঙ্গনে এটিএম হেমায়েতউদ্দিনের ভূমিকার কথা স্মরণ করে মুফতি ফয়জুল্লাহ বলেন, ইসলামী রাজনীতির অঙ্গনে তার মত উদার, আন্তরিক নেতা খুব বেশি নেই বললেই চলে। ইসলামী ও ঈমানী প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন কীর্তিমান পুরুষ। খেলাফত আন্দোলন, সম্মিলিত সংগ্রাম পরিষদ, ইসলামী সংগ্রাম পরিষদ, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পরবর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য সকল ইসলামী আন্দোলনে তাঁর অনন্য অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমার বিশ্বাস, তাঁর সততা ,সাহসিকতা এবং ইসলাম ও মুসলমানের প্রতি দায়বদ্ধতা ও শ্রদ্ধাবোধের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন।
ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে মুফতি ফয়জুল্লাহ বলেন, রাজনৈতিক সাধারন সম্পর্কের চেয়েও তাঁর সাথে আমার এবং আমাদের অনেক বেশী ঘনিষ্ঠতা ছিল । আমরা সুখ-দুঃখ শেয়ার করতাম। চিকিৎসার জন্য প্রতিবার ভারত যাওয়ার আগে ও ফিরে আসার পর আমাদের মধ্যে কথা হত । আহ, আজ তিনি নেই। খুব বেশী খারাপ লাগছে। চোখ বাঁধা মানছে না। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। সব দিকে শুন্য শুন্য লাগছে।
উল্লেখ্য, আজ শুক্রবার বেলা ১০ টা ৪০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন বাতিলের বিরুদ্ধে সাহসী কন্ঠ, সদালাপী , অমায়িক, প্রথিতযশা উদার ও শীর্ষস্থানীয় রাজনিতিক এটিএম হেমায়েত উদ্দিন। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের অসুস্থতায় ভুগছিলেন। ভারতে এর চিকিৎসা চলছিল।
