
আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদে সশস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত ও আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির ওদালান প্রদেশের সালমোসি গ্রামের মসজিদে এ হামলা হয়। খবর এএফপি।
দেশটির নিরাপত্তাবাহিনীর সূত্রের বরাতে এএফপি জানায়, বুরকিনা ফাসোর সালমোসি গ্রামের একটি মসজিদে হামলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র বলছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সালমোসি গ্রামের গ্র্যান্ড মসজিদে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়েছে। এতে ঘটনাস্থলেই ১৩ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত তিনজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উল্লেখ্য, বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। সেখানে প্রায়শই এই ধরনের হামলা হয়। গত মাসের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সশস্ত্র সংঘর্ষে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
