চট্টগ্রামে মাদরাসা ও মসজিদ উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফাতেহ ডেস্ক :

চট্টগ্রামের পাহাড়তলী সেগুনবাগানের তালিমুল কোরআন মাদরাসা ও মসজিদ উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাটহাজারী ওলামা পরিষদ। শনিবার (১২ অক্টোবর) বিকেলে হাটহাজারীতে সংগঠনটির সহ-সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের পূর্বে প্রতিবাদ সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির। সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা নছিম উদ্দিন, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা শফিউল্লাহ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদ হোসাইন, মুফতি মনসুরুল হক জিহাদী, মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এনায়েতউল্লাহ, রেজাউল করিম ও নিজাম সাইয়্যিদ প্রমুখ।

সমাবেশ শেষে তৌহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বাজার, কলেজ গেট ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে পাহাড়তলী সেগুনবাগানস্থ ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স। যা বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রসিদ্ধ হিফজুল কোরআন মাদ্রাসা।

আগের সংবাদনদওয়াতুল ওলামায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদকারাগারে আসামীদের গণধোলাই খেলেন আবরার হত্যায় অভিযুক্ত অনিক