
ফাতেহ ডেস্ক :
গ্রামের পাশের গাছ-গাছড়ায় ঘেরা ঝোঁপের ভেতর পাওয়া গেল এক বৃদ্ধ ইমামের ক্ষত-বিক্ষত লাশ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের ওই ঝোঁপ থেকে আজ রোববার দুপুরে লাশটি উদ্ধার করেছে তাড়াশ পুলিশ। নিহত ওই ইমামের নাম কারী মো. আবুল হোসেন মোল্লা (৭০)। তিনি ঈশ্বরপুর জামে মসজিদের ইমাম ছিলেন।
নিহত ইমাম সাহেবের ভাতিজা আব্দুস সামাদ জানান, গত ৪/৫ দিন পূর্বে তার চাচা আবুল হোসেন মোল্লা বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যান। তারপর তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
এদিকে, রোববার সকালে লাশ থেকে দুর্গন্ধ বের হয়। এ সময় আশপাশের মানুষ টের পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বের করা যাবে।
