
রাগিব রব্বানি
রাজধানীর মুহাম্মদপুরস্থ আরবি ভাষা বিষয়ক বিশেষায়িত মাদরাসা ‘মারকাযুল লুগাতিল আরাবিয়া’র উদ্যোগে আজ ১৪ অক্টোবর সোমবার দেশের প্রায় ২৫টি জেলায় ‘ইয়াওমুল লুগাতিল আরাবিয়াহ’ বা ‘আরবি ভাষা শিক্ষা দিবস’ পালিত হয়েছে।
মাদরাসাটির পরিচালক মাওলানা মুহিউদ্দীন ফারুকী ফাতেহ টুয়েন্টি ফোরকে জানান, দেশের সর্বস্তরের মাদরাসা-স্কুল শিক্ষার্থী, যুব ও মুরব্বি শ্রেণির লোকজনের মধ্যে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব এবং কুরআন সহি-শুদ্ধভাবে পড়তে পারার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সম্প্রতি মারকাযুল লুগাতিল আরাবিয়া ‘ইয়াওমুল লুগাতিল আরাবিয়া’ নামে বিশেষ একটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মুতাবেক মারকাযে অধ্যয়নরত দেশের ২৫টি জেলার শিক্ষার্থী প্রথম সাময়িক পরীক্ষার ছুটিতে আজ ১৪ অক্টোবর সোমবার নিজ নিজ এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এই কর্মসূচি প্রাথমিকভাবে বাস্তবায়ন করেছে।
মাওলানা ফারুকী বলেন, ২৫ জেলায় ছড়িয়ে থাকা আমাদের শিক্ষার্থীরা যার যার এলাকার মানুষজনকে একত্রিত করে আরবি ভাষার গুরুত্ব ও কুরআন তেলাওত শুদ্ধিকরণ বিষয়ে বেশ কিছু অনুশীলন করিয়েছে। পাশাপাশি আরবি ভাষা বিষয়ে তাদেরকে উৎসাহিতও করেছে।
বরিশাল থেকে মারকাযের ডিপ্লোমার ছাত্র হুজাইফা জানিয়েছেন, তাঁর এলাকার মসজিদে যুবক-বৃদ্ধ সর্বস্তরের অর্ধ শতাধিক লোকের অংশগ্রহণে ‘ইয়াওমুল লুগাতিল আরাবিয়া’র কর্মসূচি পালিত হয়েছে। এতে আরবি ভাষার প্রতি অন্যরকম এক আগ্রহ তৈরি হয়েছে প্রত্যেকের মধ্যে।
হবিগঞ্জ থেকে এনআম ও হুজাইফা জানিয়েছেন, তাঁদের এলাকায় ইয়াওমুল লুগাতিল আরবিয়ার কর্মসূচিতে সকলেই ছিলেন স্থানীয় মাদরাসার শিক্ষার্থী। কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাঁদের মধ্যেও আরবি ভাষা বিষয়ে নতুন আগ্রহের সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই এমন ভিন্নতর উদ্যোগে আনন্দিত হয়েছেন।
