
আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ অক্টোবর এ চিঠি লেখা হয়। হোয়াইট হাউস থেকে চিঠির সত্যতাও নিশ্চিত করা হয়েছে। এমন একটি ভাষায় চিঠিটি লেখা হয়েছে, যাতে কূটনৈতিক সৌন্দর্য পর্যন্ত রক্ষা করা হয়নি। বরং এক চাঁচাছোলা হুমকির মাধ্যমেই শুরু করেছেন চিঠি।
চিঠিতে এরদোগানকে ‘ইতিহাসের নিষ্ঠুর’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, অভিযান খুব বেশি হয়ে গেলে নিষেধাজ্ঞার মাধ্যমে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে। হাজার হাজার লোককে হত্যার জন্য আপনি নিশ্চয়ই দায়ী হতে চাইবেন না। আমিও তুরস্কের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী হতে চাই না।
‘যদি আপনি এ অভিযান সঠিক ও মানবিক উপায়ে করেন, তবে ইতিহাস আপনাকে ভালো চোখে দেখবে,’ বললেন ট্রাম্প। ‘কিন্তু বিষয়টি যদি ভালোভাবে না হয়, তবে চিরদিনই একজন নিষ্ঠুর ব্যক্তি হিসেবে আপনাকে দেখা হবে।’
যুক্তরাষ্ট্রের এ নেতা এরদোগানকে আরও বলেন, কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা মাজলুম আবদির সঙ্গে যদি তিনি বৈঠক করেন, তবে একটি চমৎকার চুক্তি হওয়া অবশ্যই সম্ভব।
চিঠির শেষে ট্রাম্প লিখেন, ‘আপনি একজন কঠোর মানুষ হবেন না, বোকাও হবেন না। পরে আপনাকে কল দেব।’
