
ফাতেহ ডেস্ক :
পঞ্চগড় শহরে এক মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে, শহরের কামাতপাড়া এলাকার একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কামাতপাড়া এলাকার অশোক চন্দ্র মোদকের বাড়ির সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখে ওই এলাকার জুয়েল ও তার মা জুলেখা খাতুন। পরে, বিষয়টি পুলিশকে জানালে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ধারণা করা হচ্ছে, শিশুটির মা তাকে ওই স্থানে রেখে পালিয়ে গেছেন।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার ইউসুফ আলী শিশুটিকে দেখতে হাসপাতালে যান। এ সময়, জেলা প্রশাসক শিশুটির রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
