
আন্তর্জাতিক ডেস্ক :
গত ১৬ অক্টোবর বুধবার মদিনার সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জন ওমরা যাত্রীর মধ্যে ৯ জন বাংলাদেশি ছিলেন বলে খবর পাওয়া গেছে। যদিও জেদ্দা কনস্যুলেটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানানো হয়েছিল, নিহতদের মধ্যে বাংলাদেশের কেউ নেই। তবে সৌদি আরবের ‘দার আল মিকাতের’ মালিক সৌদি নাগরিক লামি সংবাদমাধ্যমকে জানান, আমরা মূলত ওমরা যাত্রীদের বাসের টিকেট বিক্রি করি।
দুর্ঘটনাকবলিত গাড়িতে ৯ জন বাংলাদেশির মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মোকতার হোসেন, হুমায়ুন কবির, নাসির, রুহুল আমিন, মানু মিয়া, সাকিব। বাকি ৩ জনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। নিহতদের লাশ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।
বুধবার রাতে রিয়াদের বাথা এলাকার দারুল মিকাত ওমরা অফিস থেকে ছেড়ে যাওয়া গাড়িতে ৩৯ জন ওমরা যাত্রী ছিলেন। গাড়িতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইয়ামেনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পাকিস্তানি ১১ জন, ইন্ডিয়ান ১৩ জন, ইয়ামেন ৫ জন ও চালক সিরিয়ার নাগরিক ছিলেন বলে জানিয়েছে ওমরা অফিস।
সূত্রে জানায়, নিয়ম অনুযায়ী গাড়ির সকল যাত্রীর নাম, ইকামা (রেসিডেন্ট পারমিট) নাম্বার এবং মোবাইল নম্বর সম্বলিত একটি ডকুমেন্টস গাড়িতে থাকলেও সেগুলো পুড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা জানান, নিহতরা এতোটাই পুড়ে গেছে যে ডিএনএ পরীক্ষা ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় নিশ্চিত হতে সৌদি প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
