বিজিবির বিরুদ্ধে মামলা দায়ের করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক :

হেড কনস্টেবল বিজয়ভান সিংহের মৃত্যুর ঘটনায় মুর্শিদাবাদের জলঙ্গি থানায় বিজিবির বিরুদ্ধে খুনের মামলা করেছে বিএসএফ।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় ভারতীয় এক মৎস্যজীবীকে আটক করা নিয়ে বিজিবির সঙ্গে গোলমাল বাধে বিএসএফের। রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ঐ জেলেকে আটক করার কারণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জওয়ানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির ছোড়া পাল্টা গুলিতে বিএসএফের এক হেড কনস্টেবল বিজয়ভান সিংহ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বিএসএফ জওয়ান।

চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যায়। তারা দেখেন, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন।

তিনি বলেন, তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় দুইজন পালিয়ে যান। আর একজনকে আটক করা সম্ভব হয়। এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে। বিএসএফ সদস্যরা এসেই গালাগালি শুরু করে। বিজিবি এর প্রতিবাদ করলে তারা গুলি ছোড়ে। তখন বিজিবির পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

এদিকে ধৃত মৎস্যজীবী প্রণব মণ্ডলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ ‘কারেন্ট জাল’ দিয়ে মাছ ধরার অভিযোগে আরও একটি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার সকালে বাংলাদেশের আদালতে হাজির করানোর পরে প্রণবকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আগের সংবাদ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতের ব্যাপারে মোদির হুঁশিয়ারির জবাব দিল পাকিস্তান
পরবর্তি সংবাদপ্রথমবারের মতো আকাশে উড়াল ইরান নিজেদের তৈরি বিমান `ইয়াসিন’