
ফাতেহ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোলার বোরহানুদ্দিনে স্থানীয় হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ ইসলাম ধর্ম, আল্লাহ ও নবিজি সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলিম জনতার একটি সমাবেশে দফায় দফায় সংঘর্ষ, পুলিশি আক্রমণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশের আক্রমণের শিকার হয়ে এ পর্যন্ত তিনজনের শাহাদাতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
রোববার বেলা ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সমাবেশে পুলিশ-জনতার এ সংঘর্ষে ঘটে।
শাহাদতবরণকারীদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন মাহফুজুর রহমান। তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারির ভাই।
উল্লেখ্য, শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ’র নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Biplob Chandra Shuvo থেকে আল্লাহ তায়ালা ও নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেসবুক বন্ধুদের কাছে ম্যাসেজ পাঠায়। এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে।
এতে স্থানীয় ধর্মপ্রাণ জনতা আজ রোববার সকালে বোরহানউদ্দীন হাইস্কুল মাঠে হিন্দু এ যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত এই সমাবেশটি চলছিল। সমাবেশে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এসময় পুলিশ সমাবেশ সময়ের আগে শেষ করতে বলে প্রতিবাদী জনতাকে। প্রতিবাদী জনতা পুলিশের এ কথা না মানলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তখন নির্বিচার গুলি বর্ষণ করে।
এদিকে সাধারণ মানুষের এ প্রতিক্রিয়ায় অবস্থা বেগতিক দেখে গতকাল সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র নামক ওই হিন্দু যুবক বোরহানউদ্দিন থানায় তার আইডি হ্যাক হয়েছে দাবি করে একটি জিডি করতে যায়। তখন থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের নাম করে বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।
