
আন্তর্জাতিক ডেস্ক :
ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের কমপক্ষে ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয় বেসামরিক লোক। খবর ডনের।
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।
আইএসপিআর-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই বলছে, পাক অধিকৃত কাশ্মীরের নিলাম ঘাট উপত্যকায় পাক সেনাদের ঘাঁটি ও চৌকিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাক সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য ও জয়েশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার অনেক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়।
