সেফজোন না ছাড়লে কুর্দি গেরিলাদের মাথা গুড়িয়ে দেয়ার হুমকি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক :

১২০ ঘণ্টার যুদ্ধবিরতির পর কুর্দি গেরিলারা প্রস্তাবিত সেফজোন ছেড়ে চলে না গেলে তাদের মাথা গুড়িয়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এর পাশাপাশি এও বলেছেন যে, নিরাপদ অঞ্চলে সিরিয়ার সেনাদের অবস্থানের ব্যাপারে রাশিয়ার সঙ্গে যদি তুরস্ক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়, তা হলে আঙ্কারা তার নিজের মতো করে ব্যবস্থা নেবে। খবর বিবিসি ও আনাদোলুর।

রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে আগামী মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তুরস্কের মধ্যাঞ্চলীয় কাইসের শহরে এক অনুষ্ঠানে শনিবার এরদোগান আরও বলেন, যেসব এলাকা নিয়ে নিরাপদ অঞ্চল গঠন করার কথা তার বেশ কিছু এলাকায় রুশ তত্ত্বাবধানে সিরিয়ার সেনারা অবস্থান করছেন। এ বিষয়টি নিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, মার্কিন মধ্যস্থতায় সই হওয়া ১২০ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার শেষ হবে। ওই চুক্তিতে বলা হয়েছে, পাঁচ দিনের মধ্যে নিরাপদ অঞ্চল থেকে কুর্দি গেরিলাদের প্রত্যাহার করে নিতে হবে। আঙ্কারা চাইছে, সিরিয়ার ভেতরে সীমান্তবর্তী ৩২ কিলোমিটার এলাকায় নিরাপদ অঞ্চল গঠন করতে হবে, যেখানে ২০ লাখ সিরীয় উদ্বাস্তু পুনর্বাসন করা যায়।

আগের সংবাদপাক-ভারত সীমান্তে উত্তেজনা, গোলাগুলিতে নিহত ভারতের ৯, পাকিস্তানের ৭
পরবর্তি সংবাদভোলায় মুসল্লিদের উপর পুলিশি হামলা, নিহত বেড়ে ৪