
ফাতেহ ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মুসল্লিদের একটি সমাবেশে পুলিশ ও জনতার সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ দুই শতাধিক আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন সদর ঈদগাহ জামে মসজিদ মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহফুজুর রহমান পাটোয়ারী (২৩), মিজান (৩০), মাহবুর রহমান (৩০) ও শাহিন (২৫)। নিহতদের বাড়ি একই এলাকায়। নিহত মাহফুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারীর ভাই।
এদিকে জনতা-পুলিশ সংঘর্ষপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৪ প্লাটুন বিজিবি তলব করা হয়েছে। এর মধ্যে এক প্লাটুন বিজিবিকে হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে ভোলার উদ্দেশে পাঠানো হয়েছে। আর বাকি তিন প্লাটুন সড়পথে রওনা হয়েছে ভোলার উদ্দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির পাবলিক রিলেশন অফিসার মো. শরিফুল ইসলাম।
