কুর্দিদের হটাতে সিরিয়ার উত্তরাঞ্চলে যৌথভাবে নজরদারি চালাবে তুরস্ক ও সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

কুর্দি বাহিনীকে তুরস্ক ও সিরিয়া সীমান্ত থেকে হটানোর লক্ষ্যে তুরস্ক এবং রাশিয়া একটি চুক্তিতে সম্মত হয়েছে। দু’দেশের তরফ থেকে এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ চুক্তি বলে উল্লেখ করা হয়েছে।

রাশিয়া এবং তুরস্কের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, মানবিজ এবং তাল রিফাত শহর থেকে কুর্দি বাহিনীকে হটানো হবে। দু’দেশের পরিকল্পনা অনুযায়ী কুর্দি বাহিনী যেন আবারও ফিরে আসতে না পারে সেজন্য রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে যৌথভাবে নজরদারি চালাবে। বুধবার থেকেই এই কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, চলতি মাসে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর পরই সেখানে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত কুর্দিদের হটিয়ে ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করতে চায় তুর্কি বাহিনী। তুরস্কে থাকা ৩০ লাখের বেশি সিরীয় শরণার্থীকে ওই অঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও বলেছে তুর্কি কর্তৃপক্ষ।

প্রথম থেকেই সিরিয়ায় অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মস্কো। তবে এখন থেকে তুরস্ক এবং রাশিয়া যৌথভাবে সীমান্তে নজরদারি চালাবে। এই চুক্তি ঘোষণার পর তুরস্কের তরফ থেকে জানানো হয়েছে, সেখানে নতুন করে আর সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই।

এ বিষয়ে কুর্দি বাহিনীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আগের সংবাদকাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা থেকে বিরত থাকবেন না মাহাথির
পরবর্তি সংবাদভারতে প্রতি ১৬ মিনিটে ধর্ষণের শিকার একজন নারী