ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৫৭

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট ১৫৭ জন নিহত হয়েছেন। যাদের অন্তত ১৪৯ জন বেসামরিক মানুষ। যার অন্তত ৭০ শতাংশকে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হয়েছে। আর ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ দমনে অত্যধিক শক্তি প্রয়োগ করেছে ইরাকের নিরাপত্তা বাহিনীগুলো। বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে তারা। এর জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে।

বিক্ষোভ নিয়ে তদন্ত কমিটির মত, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিক্ষোভের সময় তাদের বাহিনীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিক্ষোভ সামলানোর দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাসহ আরও কয়েক ডজন শীর্ষ কর্মকর্তাদের বহিষ্কার করে তাদের বিরুদ্ধে বিচারকার্য শুরু করার সুপারিশ করেছে তারা।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বিক্ষোভে সহিংসতার ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে এ কমিটি গঠন করেন। এছাড়া তিনি তার মন্ত্রীপরিষদে রদবদলসহ সংস্কারমূলক নানান পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন।

তবে সমালোচকরা বলছেন, মাহদির প্রতিশ্রুতি অস্পষ্ট। এতে জনমানুষের ক্ষোভ কমবে না। ইতিমধ্যে বিক্ষোভকারীরা আগামী শুক্রবার ফের বিক্ষোভ শুরু ঘোষণা দিয়েছে। অপাতত প্রায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভ স্থগিত রয়েছে।

উল্লেখ্য, বেকারত্ব, নিম্নমানের জনসেবা ও দুর্নীতির বিরুদ্ধে অক্টোবরের শুরু থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ সহিংস রুপ ধারণ করলে শত শত মানুষ হতাহতের ঘটনা ঘটে। ঘুষগ্রহণ ছাড়াও রাজনীতিবিদদের বিরুদ্ধে অন্তঃকলহ এবং সাধারণ মানুষকে উপেক্ষার অভিযোগ বিক্ষোভকারীদের।

আগের সংবাদলেবাননে টানা সপ্তম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত
পরবর্তি সংবাদতুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র