
আন্তর্জাতিক ডেস্ক :
উপমহাদেশের শ্রেষ্ঠতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার খালি কোটায় যুক্ত হলো নতুন তিন মুখ। মজলিসে শুরার তিন দিনব্যাপি বৈঠকে শুরা সদস্যদের অধিকাংশই উপস্থিত থেকে দারুল উলুমের দেওবন্দের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে বাৎসরিক বাজেটের পরিমাণ বৃদ্ধি, মজলিসে শুরার খালি কোটায় নতুন তিনজন সদস্যের অন্তর্ভুক্তি ছিলো অন্যতম।
বৃহস্পতিবার গভীর রাতে শেষ হয় এই বৈঠক। শুরার খালি কোটায় যুক্ত হওয়া নতুন তিন মুখ হলেন- মাজাহেরুল উলুম সাহারানপুরের শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আক্বীল, মাওলানা হাবিবুর রহমান বান্দুরী, মাওলানা শফীক আহমাদ ব্যাঙ্গালোরী।
এখন পর্যন্ত দারুল উলুমের পক্ষ থেকে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোন কিছু জানানো হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এ বছর বাৎসরিক বাজেটে এক কোটি রুপি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও নির্মাণাধীন শাইখুল হিন্দ লাইব্রেরিতে প্রাশাসনের হস্তক্ষেপ এবং সিলেবাস আধুনিকায়ন করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মজলিসে শুরার বৈঠকে শুরা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী এমপি, দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বাস্তনবী, মাওলানা হাকীম কালিমুলাহ, মাওলানা আব্দুল আলীম ফারুকী, মাওলানা ইশতিয়াক আহমেদ, মাওলানা মালিক ইবরাহীম, মাওলানা রহমতউল্লাহ কাশ্মীরী, মুফতি আহমাদ খানপুরী, মাওলানা আনোয়ারুর রহমান, মাওলানা ইজহার হুসাইন মিয়াঁ দেওবন্দী, মাওলানা মাহমুদ রাজস্থানি, মুফতি নিজামউদ্দিন গুজরাটী মাওলানা আব্দুস সামাদ এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী ও দারুল উলুমের শাইখুল হাদিস এবং সদরুল মুদাররিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী।
