
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে বিক্ষোভকারীদের দাবি, মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত এবং সরকারি সংস্কার প্যাকেজ বিষয়ে আলোচনা করতে একটি বিশেষ সভা ডেকেছে ইরাকের পার্লামেন্ট। আজ শনিবার দুপুর একটায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরা।
এদিকে গতকাল শুক্রবার নতুন করে শুরু হয়েছে ইরাকি জনগণের সরকারবিরোধী বিক্ষোভ। ইরাকের অভজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্যানুযায়ী, গতকালের এই বিক্ষোভে বাগদাদসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাশরা, মায়াসান, ধিকার এবং মুত্থানায় অন্তত ৩০জন নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যেন আক্রমণ না করা হয়। সরকারি, বেসরকারি এবং দলীয় দফতরগুলো সুরক্ষার জন্য তৎপর হতে নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানান তিনি।
ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড এই বিক্ষোভকে নাশকতা বলে উল্লেখ করে বলেন, আইন করে এই নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর দেশের সবকটি হাসাপাতালে জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, বিক্ষোভে নিহত ও আহত ব্যক্তিদের সংখ্যা ও নাম যেন প্রকাশ না করা হয়।
রাকিব
