কাশ্মিরে সত্যপালকে সরিয়ে মোদি ঘনিষ্ঠ গভর্নর নিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ৩৭০ ধারা বাতিলের পর গত বৃহস্পতিবার প্রথম সেখানে ভোট হয়েছে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

জানা গেছে, জম্মু-কাশ্মিরের রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সত্যপাল মালিককে। তাকে গোয়ার রাজ্যপাল পদে বদলি করা হয়েছে। তার জায়গায় প্রস্তাবিত জম্মু-কাশ্মির কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম উপ-রাজ্যপাল হচ্ছেন সাবেক আইএএস কর্মকর্তা ও বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় সচিব গিরীশচন্দ্র মুর্মু।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানকার মুখ্যসচিব ছিলেন গিরীশ চন্দ্র মুর্মু। তাকে মোদির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বলে মনে করা হয়।

অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল লাদাখের প্রথম উপ-রাজ্যপাল হবেন সাবেক আইএএস কর্মকর্তা রাধাকৃষ্ণ মাথুর। ১৯৭৭ সালের ত্রিপুরা ক্যাডারের ওই কর্মকর্তা ২০১৮ সালের নভেম্বরে মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে অবসর নেন।

আগামী ৩১ অক্টোবর আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মির ও লাদাখ। সেজন্য আগেভাগেই এসব নিয়োগের কথা ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার।

আগের সংবাদফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি নাগরিকদের হামলা
পরবর্তি সংবাদতালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীন, পাকিস্তান ও রাশিয়ার আহ্বান