যশোরে সড়কদুর্ঘটনায় মাদরাসাশিক্ষক নিহত

ফাতেহ ডেস্ক :

যশোরে সড়কদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবদুর রশিদ (৫৫) নামে এক মাদরাসাশিক্ষক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় তেলবাহী লরির ধাক্কায় তিনি নিহত হন।

নিহত আবদুর রশিদ যশোর শহরতলিয় খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা ও উপশহর আলিম মাদরাসার শিক্ষক।

নিহতের সহকর্মী আবুল ফজল জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ ব্যক্তিগত কাজে বাইসাইকেলে বকচর এলাকায় যান। পথিমধ্যে খুলনা থেকে আসা তেলবাহী লরি পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী গুরুতর অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, তেলবাহী লরির ধাক্কায় এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। চালক পালিয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে।

আগের সংবাদমিয়ানমারে সেনাবাহিনীকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লেখায় পাঁচ কবির কারাদণ্ড
পরবর্তি সংবাদকলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড : একটি পর্যালোচনা (৫)