ফাতেহ ডেস্ক :
শনিবার দুপুরে মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে নিজ কার্যালয়ে ফিরছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহমেদ, এমন সময় আচমকা কয়েকজন ছাত্র তাঁর পথ রোধ করে তাঁকে টেনে-হিঁচড়ে পুকুরে নিক্ষেপ করেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ঘটনায় জড়িত শিক্ষার্থীরা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ওই ঘটনার ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, একটি পুকুর পাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহমেদ। সেখানে থাকা কয়েকজন তাকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে দেন।
এ বিষয়ে অধ্যক্ষ ফরিদ বলেন, ক্লাসে উপস্থিতি কম থাকায় দুজন ছাত্রের ফরম পূরণ হয়নি। সেই দুই ছাত্রের ফরম পূরণ করানোর জন্য সকালে কয়েকজন আমার কাছে এসেছিল। কিন্তু আমি বিভাগীয় প্রধানের কাছে যেতে বলি। এ সময় তারা আমাকে নিয়ে আমার সামনে অশালীন মন্তব্য করে। এতে আমি তাদের ওপর ক্ষুদ্ধ হয়ে কয়েকটি কথা বলি। এ নিয়ে তারা আমার ওপর ক্ষুদ্ধ হয়।
অধ্যক্ষ জানান, দুপুরে নামাজ পড়ে অফিসে যাওয়ার সময় কামাল হোসেন সৌরব নামের এক ছাত্র (ছাত্রলীগ) আমার পথ আটকে দাঁড়িয়ে বলে, ‘স্যার কথা আছে। একটু পুকুরের ধারের দিকে আসেন’। আমি যেতে না চাইলে তারা আমাকে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেয়। এরপর তারা পালিয়ে যায়।
এ বিষয়ে পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন বলেন, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তাফা বলেন, ‘পলিটেকনিকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
