ফাতেহ ডেস্ক :
‘কিশোর আলো’র বর্ষপূর্তির অনুষ্ঠানে আবরার নিহতের ঘটনায় প্রথম আলোর সম্পাদক ও অনুষ্ঠান আয়োজনকারী কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করার আবেদন জানিয়েছে আবরারের বাবা।
বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত হাকিম মো. আমিনুল হকের আদালতে মামলার আর্জি পেশ করেন আবরারের বাবা মো. মজিবুর রহমান। এসময় তার সাথে ছিলেন আবরারের মা ও তার চাচাতো ভাই। এ মামলার আইনজীবী হিসেবে ছিলেন ওমর ফারুক আসিফ।
ওই অনুষ্ঠানে আবরার নিহতের ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করছে পরিবার ও শিক্ষার্থীরা। বুধবার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অবস্থান নেয় এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরাও।
উল্লেখ্য, গত শুক্রবার ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় নিকটবর্তী হাসপাতালে না নিয়ে আবরারকে নেয়া হয় ৫ কিলোমিটার দূরে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
